[b]ব্রিজবেন:[/b] ওপেনিং সেটে বিপর্যয়ের মুখে পড়া প্রমীলা টেনিস র‌্যাংকিংয়ের দ্বিতীয় শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা শেষ পর্যন্ত ব্রিজবেন ইন্টারন্যাশনালের ফাইনালে ওঠেছেন। শুক্রবার জেলেনা ইয়াঙ্কোভিচকে ১-৬, ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

প্রথম সেটটি যারাই দেখেছেন তারা মানতে পারবেন না আজারেঙ্কার খেলাকে। কারণ মাত্র ২৯ মিনিটেই তিনি প্রথম সেটে হেরে যান সার্বিয়ান তারকা ইয়াঙ্কোভিচের কাছে। প্যাট রাফটার এরিনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম সার্ভটিতেই দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হন দ্বিতীয় বাছাই আজারেঙ্কা। ফলে খুব দ্রুতই ওই সেটে হেরে যান তিনি।

দ্বিতীয় সেটের প্রথম গেমেও ০-৪০ এর ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু এরপরই ছন্দ ফিরে পেয়ে ঘুরে দাঁড়িয়ে সেটটি জিতে নেন তিনি।

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে সুইস তারকা স্টেফান ভয়েজেলিকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাওয়া আজারেঙ্কা ইয়াঙ্কোভিচকে হারিয়ে নিজেকে আরেক দফা ঝালিয়ে নিতে সক্ষম হলেন। প্রথম গেমটি ৫-২ ব্যবধানে জিতে নেয়ার পর ইয়াঙ্কোভিচের সব প্রতিরোধকেই উপড়ে দিয়ে পরেরটি জিতে নেন ৫-৪ ব্যবধানে। এভাবে পরের দুটি সেট জয়ের মাধ্যমে ফাইনালে নাম লেখান আজারেঙ্কা।

ফাইনালে তিনি হয় সেরেনা উইলিয়ামস নতুবা মারিয়া শারাপোভার মুখোমুখি হবেন