গার্মেন্টস শিল্প কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশ ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজী -বুয়েটকে দেড় কোটি টাকার যন্ত্রপাতি হস্তান্তর করেছে আইএলও।
রোববার বিকালে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন (আএলও)- এর কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি. রেড্ডি বুয়েট উপাচার্য অধ্যাপক ড.এস.এম নজরুল ইসলামের হাতে এসব যন্ত্রপাতি হস্তান্তর করেন।
সিরডাপ মিলনায়তনে এ সঙক্রান্ত আয়োজিত যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে শ্রীনিবাস রেড্ডি বলেন, শ্রমিকদের জীবন ও স্বপ্ন আইএলও ধ্বংস হতে দিতে চায় না। কারখানায় কর্মরত শ্রমিকদের যাতে স্বাচ্ছন্দে ও নিরাপদ কর্মপরিবেশে কাজ করতে পারে তা নিশ্চিত করতে চায় আইএলও।
তাই তারা বাংলাদেশে গার্মেন্টস কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষার জন্য বুয়েটকে আধুনিক যন্ত্রপাতি প্রদান করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বুয়েট উপাচার্য এস.এম নজরুল ইসলাম বলেন, কারখানার ভৌত অবকাঠামো ঝুঁকিপূর্ণ হলে শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এতে সামগ্রিক উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়।
তাই গার্মেন্টস কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষার মাধ্যমে কারখানাটি ঝুঁকিপূর্ণ কিনা তা জানা যায়। যদি কোন সমস্যা থাকে তা সমাধানে উদ্যোগ নেয়া যায়।
বাংলাদেশে গার্মেন্টস শিল্পে তাজরিন গার্মেন্টস ও রানা প্লাজায় যে পরিমাণ শ্রমিকের জীবন বিসর্জন দিতে হয়েছে সেটার মতো আর কোন দুর্ঘটনা জাতি ও বিশ্ব দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব মিখাইল শিপার বলেন, গার্মেন্টস শিল্প এখন শুধু শ্রমিক কিংবা মালিকের শিল্প নয়। এটি জাতীয় শিল্প। এটি রক্ষায় তাই দরকার জাতীয় পরিকল্পনা।
তাজরিন ও রানা প্লাজা ধ্বংসযজ্ঞের পর দেশ ও বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়েছিল। দুটো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেখা গিয়েছে দুর্ঘটনার অন্যতম কারণ ছিল ভৌত অবকাঠামোগত সমস্যা।
দুর্ভাগ্যজনক হলেও সত্য কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষায় বুয়েট কর্তৃপক্ষের কাছে কোন অত্যাধুনিক যন্ত্রাংশ ছিল না। আইএলও এখন তা তাদের সরবরাহ করেছে।  এ উদ্যোগকে সরকার সাধুবাদ জানায় বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্প এখন হুমকিতে রয়েছে। তবে তার থেকে উত্তোরণের পথও রয়েছে। বিজিএমইএ রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টসের মতো আর কোন ঘটনা দেখতে রাজি না মন্তব্য করে তিনি বলেন, এ শিল্পকে এগিয়ে নিতে হলে সবাইকে  উদ্যোগী হতে হবে।
[b]ঢাকা, জেইউ, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]