ঢাকা: সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত হাবিবুর রহমানের সম্মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চ দ্বিতীয় সেশনে বসবে না বলে ঘোষণা দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে সোমবার হাবিবুর রহমানের জানাযা শেষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, এ বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির পক্ষ থেকে জানানো হচ্ছে যে, দুপুর ২টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোন বেঞ্চ আর বসবে না।
জানাযা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, দেশ একজন জ্ঞানী ব্যক্তিকে হারিয়েছে। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এ বিচারপতির কর্মকাণ্ড দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন নব্য আইনমন্ত্রী।
হাবিবুর রহমানের মেয়ে মুশরা আহমেদ বলেন, আমার বাবা অনেক ভালো বাবা ছিলেন। তিনি তার বাবার জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
প্রয়াত বিচারপতি হাবিবুর রহমানের মরাদেহ সকালে জাতীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে বিভিন্ন মন্ত্রী, সংগঠনসহ সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর মরাদেহ সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়। এখানে জানাযা শেষে শ্রদ্ধা জানান আইনজীবীবৃন্দ।
এরপর লাশ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে আসরের নামাজের পর শেষ জানাযা করে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
একইসঙ্গে আগামীকাল গুলশানের আজাদ মসজিদে বাদ আসর প্রয়াত এ বিচারপতির কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।