অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এবার দুর্নীতি দমন কমিশন দুদকে ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হক এবং তার স্ত্রী মাকছুদা হক তাদের সম্পদ বিবরণী জমা দিলেন।
দুদক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) বেলা ১১টায় তারা সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে আসেন। দুদক সচিব কার্যালয়ে না থাকায় তারা কমিশনে তাদের সম্পদ বিবরণী জমা দেন।
সংসদ সদস্য আসলামুল হক এবং মাকছুদা হকের সম্পদ বিবরণী চেয়ে গত ১৬ মার্চ দুদকের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন নোটিশ পাঠিয়েছিলেন। এ প্রেক্ষিতেই তারা সম্পদ বিবরণী জমা দিলেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৫ মার্চ এমপি আসলামকে জিজ্ঞাবাসাবাদ করে দুদক। দুদকের উপ-পরিচালক শেখ মেজবাহ উদ্দিন তার দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় এমপি আসলাম উল্লেখ করেন, তিনি ও তার স্ত্রী এখন ১৪৫ দশমিক ৬৭ একর জমির মালিক। এই জমির দাম উল্লেখ করা হয় এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫শ’টাকা। পাঁচ বছরে স্বামী-স্ত্রীর জমি বেড়েছে ১৪০ একরের বেশি। এই বাড়তি জমির মূল্য তিনি দেখিয়েছেন মাত্র এক কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি কমিশনের নিয়মিত বৈঠকে আসলামুল হকসহ সাতজনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]