আওয়ামী লীগ নেতার পা কেটে নেওয়ার প্রতিবাদে মির্জাগঞ্জ উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এ হরতাল পালন করে।
সোমবার সকাল থেকেই উপজেলার সুবিদখালী, মির্জাগঞ্জ সদর, মাধবখালীসহ সকল বাজারের দোকানপাট বন্ধ ছিল। উপজেলা থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করেনি। রাস্তাঘাট ছিল ফাঁকা।
উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হালিম মোল্লার ডান পা রবিবার ভোরে কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার ৩০ ঘণ্টা পরও পুলিশ আহত হালিম মোল্লার ডান পা উদ্ধার করতে পারেনি।
আহত হালিম মোল্লার ভাই সেলিম মোল্লা বাদী হয়ে ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনসহ মোট ৪০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এ পর্যন্ত স্থানীয় বিএনপি কর্মী মাজিদুল রহমান খোকনসহ ৫ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]