যশোরে ফেনসিডিল ব্যবসার বিরোধের জের ধরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার রাতে সদর উপজেলার চুড়ামনকাঠি নিজ বাড়ির পাশে একটি লিচু ক্ষেতে তাকে হত্যা করা হয়। নিহত যুবলীগ নেতা জাকির হোসেন সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবার নাম আমিন উদ্দিন।
এলাকাবাসী জানায়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে চুড়ামনকাঠি এলাকায় ফেনসিডিল ব্যবসা চালিয়ে আসছিলেন। এনিয়ে এলাকার প্রতিপক্ষের সাথে তার বিরোধ দেখা দেয়। মঙ্গলবার রাতে জাকির হোসেনকে বাড়ি থেকে পার্শ্ববর্তী লিচু বাগানে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে গলা কেটে হত্যা করা হয়।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান,মাদক ব্যবসা ও পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
[b]যশোর, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]