নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর)আসনে উপনির্বাচনে নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে। এ ছাড়া ভোটার তালিকায় গরমিল থাকায় বিএনএফ মনোনীত প্রার্থী আবু হামিদুর রহমান খানের মনোনয়নও বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মীর সারোয়ার মোর্শেদ দুপুরে এই আদেশ দেন।
রাফিউর রাব্বির প্রতিষ্ঠান সাইন নিটওয়্যার সোনালী ব্যাংক থেকে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা নিয়ে ঋণ নিয়ে তা পরিশোধ করেনি বলে বাংলাদেশ ব্যাংক চিহ্নিত করেছে। সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকেও এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অন্যদিকে নগর আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, জাতীয় পার্টির একেএম সেলিম ওসমান, এস এম আকরাম (স্বতন্ত্র), মো. শফিকুল ইসলাম কৃষক শ্রমিক জনতা লীগ), ইকবাল সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ) ও মোহাম্মদ মামুন সেরাজুল মজিদের (স্বতন্ত্র) মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া রাব্বির জমা দেয়া এক শতাংশ ভোটারের তালিকার মধ্যে ২জন পাওয়া গেছে যারা তাকে সমর্থন দেননি বলে জানান। এ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি। এখানে জাতীয় পার্টির প্রার্থী দেয়া হয়েছে প্রয়াত নাসিম ওসমানের ভাই সেলিম ওসমানকে। জেলার অন্য একটি আসনের এমপি আলোচিত নেতা শামীম ওসমান। এছাড়া নাগরিক ঐক্যের এসএম আকরামও প্রার্থী হয়েছেন। যিনি গত সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করেন।
রাফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র ত্বকী নৃশংস হত্যাকান্ডের শিকার হয়ে মারা যায়। ছেলের শোককে শক্তিতে পরিণত করতেই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সন্ত্রাস বিরোধী ত্বকী মঞ্চের নেতা রাব্বি।
তবে তিনি প্রার্থী হওয়ার পরই শামীম ওসমান ঘোষণা দিয়েছিলেন তিনি প্রার্থী হতে পারেন না। রাব্বি ঋণ খেলাপি এ তথ্য তার কাছে আছে।
এদিকে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবার ঘোষণা দিয়েছেন রফিউর রাব্বি। তিনি বলেন, তার সংসদ সদস্য হওয়া জরুরী নয়। কিন্তু তিনি যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে বহাল থাকা জরুরী। এজন্য যা যা করা দরকার তার সবই করা হবে বলেও জানান রফিউর রাব্বি। 
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b] [b]// কেবি[/b]