৫ই জানুয়ারি অুনষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের কঠোর সমালোচনা করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, এই নির্বাচন ছিল একটি কেরামতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে সরকার হয়েছে। এটা প্রায় একটি বিশ্বরেকর্ড।
শনিবার গণফোরামের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য মফিদুল ইসলাম খান প্রমুখ নেতারা সভায় বক্তব্য রাখেন।
গণফোরাম সভাপতি সরকারের উদ্দেশে বলেন, এখনই দলীয়করণ, দুর্নীতি বন্ধ করুন। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী যে নির্যাতন-নিপীড়ন করছে, তা অবিলম্বে বন্ধ করুন।
নির্বাচন সম্পর্কে ড. কামাল হোসেন আরো বলেন, এ রকম নির্বাচনের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি, দেশ স্বাধীন করেনি। আমরা যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য প্রশাসন, বিচার বিভাগ দলীয়করণ করার জন্য দেশ স্বাধীন করিনি।
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই





