দশম জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর সংসদ সদস্য আ স ম ফিরোজ। তিনি গত সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার সঙ্গে হুইপ হিসাবে নিয়োগ পেয়েছেন শেরপুরের সাংসদ আতিউর রহমান আতিক, দিনাজপুরের ইকবালুর রহিম, মৌলভীবাজারের মোহাম্মদ শাহাব উদ্দিন, চুয়াডাঙ্গার সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও নওগাঁর শহীদুজ্জামান সরকার।
নবম সংসদে যারা হুইপ ছিলেন, তাদের মধ্যে একমাত্র ফিরোজই এই দায়িত্বে ফিরেছেন। বাকি হুইপরা সবাই গত সংসদের সদস্য থাকলেও হুইপের দায়িত্বে এসেছেন এবারই প্রথম।
সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখার উপ পরিচালক নাজমুল হুদা জানান, রাষ্ট্রপতির অনুমোদনে শুক্রবার প্রধান হুইপ ও হুইপ নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি)/এআর/এফএ





