চীন থেকে কেনা নতুন দু’টি যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় জাহাজ দু’টি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
প্রায় ৫০ বছরের বেশি সময় নৌবাহিনীতে ব্যবহৃত পুরনো দু’টি যুদ্ধজাহাজ গত বুধবার ডিকমিশনিং করে স্ক্র্যাপ ঘোষণা করার চার দিনের মাথায় নতুন দু’টি জাহাজ পেলো নৌবাহিনী।
যুদ্ধজাহাজ দু’টি চট্টগ্রাম নৌ-ঘাঁটিতে এসে পৌঁছলে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জাহাজ দু’টিকে স্বাগত জানান।  
নৌ কর্মকর্তারা  টাইম নিউজ বিডিকে জানান, বাংলাদেশে ৭২০ কিলোমিটার উপকূলীয় এলাকায় তিন কোটি মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমুদ্রের ওপর নির্ভরশীল। বিদেশের সঙ্গে বাণিজ্যের ৯০ ভাগই সমুদ্রপথে হয়ে থাকে। তাই এই সমুদ্র এলাকায় নিরাপত্তা বিধান একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নৌবাহিনী মনে করে। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করে দেশের সমুদ্র এলাকার নিরাপত্তা বিধান করে।
বাংলাদেশ নৌবাহিনী দেশের বিস্তৃত উপকূলের নিরাপত্তা,মৎস্য এবং খনিজ সম্পদ রক্ষাসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিনে আনা যুদ্ধ জাহাজ নিয়ে গঠিত এই বাহিনীতে সাম্প্রতিক সময়ে দেশিয় তৈরি যুদ্ধজাহাজ সন্নিবেশিত হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী সময়ের সঙ্গে পাড়ি দিয়ে ক্রমে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
নৌবাহিনীতে অত্যাধুনিক সব যুদ্ধজাহাজের পাশাপাশি এভিয়েশান উইং সন্নিবেশিত করা হয়েছে। হেলিকপ্টারের পাশাপাশি নৌবাহিনীতে দু’টি অত্যাধুনিক পেট্রোল এয়ারক্রাফটও রয়েছে। চীন থেকে কিনে আনা নতুন দুই যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে আরো আধুনিক এবং সমৃদ্ধ করবে বলে নৌ কর্মকর্তারা আশা ব্যক্ত করেন।
[b]ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি),//এসএইচ[/b]