[b]ঢাকা:[/b] নির্বাচন ঠেকাতে বিরোধী দলের হরতাল কর্মসূচি ঘোষণার পর অন্তত ২৫টি জেলায় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অর্ধশতাধিক স্কুলের কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। নির্বাচনী অফিস লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গতরাত থেকে বিভিন্ন জেলায় এসব সহিংসতা শুরু হয়েছে। অধিকাংশ স্থানে ভোটকেন্দ্রে দেয়া আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণ করেছে। রাজধানীর দক্ষিণখানের গাউরিয়া এলাকার একটি ভোট কেন্দ্রেও আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
গতরাত সাড়ে ৯টার দিকে সীতাকুন্ড পৌরসভা এলাকায় একটি ভোটকেন্দ্রের বুথ তৈরির সরঞ্জামে আগুন দেয়া হয়। ওই থানার ওসি ইফতেখার হাসান জানান,পৌরসভার আলম শফী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুথ তৈরির জন্য রাখা বাঁশ ও কাপড়ে এবং চেয়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সোয়া ১০টার দিকে ফেনীর সোনাগাজি উপজেলার নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে অন্নদাচরণ সরকারি বিদ্যালয় কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। সোনাগাজি থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান,স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভাতে পেরেছেন। এতে বিদ্যালয়ের একটি কক্ষ পুরোপুরি পুড়ে গেছে।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাধব পাশায় রাত সাড়ে ৯টার দিকে মাধবপাশা স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন দেয়া হয়। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ওই থানার ওসি।
ঝিনাইদহ সদর উপজেলার দুইটি ও শৈলকুপা পৌরসভার এলাকায় দুইটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জানালা,দরজা ও আসবাবপত্র ভস্মিভূত হয়। শৈলকুপা থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত ললিত ভুইয়া সরকারী প্রাইমারী স্কুল ও একই উপজেলার ত্রিবেনী সরকারী প্রাইমারী স্কুলের ভোটে কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রত পালিয়ে যায়। ভোটে কেন্দ্রে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা স্কুলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভোট কেন্দ্রে কোন নিরাপত্তা কর্মী ছিল না।
সদর উপজেলার বিষয়খালী বাজার ও মহারাজপুর গ্রামের দুইটি ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়। স্থানীয় মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর মল্লিক জানান,শনিবার ভোর ৬টার দিকে মটর সাইকেলযোগে এসে প্রথমে বিষয়খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও পরে মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার খাদিজা খাতুন জানান,বিষয়খালী ও মহারাজপুর ভোট কেন্দ্রে আগুন দেওয়ার কোন খবর তাদের জানা নেই। তিনি বিষয়টি খোজ নিয়ে দেখবেন বলে জানান। আগুনে স্কুলের দরজা জানালা পুড়ে যায়। গ্রামবাসি আগুণ নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জের বেলকুচিতে গভীর রাতে ২টি ভোট কেন্দ্রে আগুণ দিয়ে ৪টি কক্ষ পুড়িয়ে দেয়া হয়েছে। উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, উপজেলা সদরের দেলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আগুণ দেয়ার পর স্থানীয়রা আগুণ নিয়ন্ত্রণ করে।
নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের বাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি কক্ষ পুড়ে গেছে। বামুনিয়া ইউনিয়নের গোবাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। দিনাজপুর সদরে দুটি ভোটকেন্দ্রে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রসূলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (হোনার বাড়ি) রাঘবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোর রাতে আগুন দেয়া হয়েছে। এতে বিদ্যালয়ের কয়েকটি শ্রেণী কক্ষের বেশ কিছু বই পুড়ে যায়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুটি ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়েছে। উপজেলার পয়লা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নেহালপুর ব্র্যাক প্রাথমিক বিদ্যায়লয়ের ভোট কেন্দ্রে পেট্রোল দিয়ে এ আগুন দেয়া হয়। এতে উভয় কেন্দ্রের চেয়ার-টেবিল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে।
টঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদীরা ইউনিয়নের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে আজ সকাল সাড়ে আটটার দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি কক্ষের আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। থানার ওসি জসিম উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ায় গতরাত ২টার দিকে সদর উপজেলার আলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘাটনায় এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
এছাড়া রাজশাহীতে চারটি,সুনামগঞ্জে তিনটি,নেত্রকোনায় একটি,ভোলায় চারটি, বরগুনায় দুইটি,রংপুরের পীরগঞ্জে চারটি ও ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটে। বাগেরহাটের মোড়েলগঞ্জে,কিশোরগঞ্জের করিমগঞ্জ,সিলেটের জৈন্তাপুর,নাটোরের সিংড়া,গাইবান্ধা,যশোরের মনিরামপুর ও শেরপুরের ভোট কেন্দ্রে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার ফেনীর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেয়া হয়।





