[b]নয়াদিল্লি : [/b]ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বজায় রাখার সিদ্ধান্তে অটল রয়েছে ভারত।
সোমবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের সঙ্গে বৈঠকে দু’দেশের সম্পর্কের ‘শীতলতা’ এখনই কাটবে না বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিং। এ সময় আমেরিকা ও ভারতের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা কতটা জরুরি তা ব্যাখ্যা করেন ন্যান্সি।
কিন্তু মার্কিন রাষ্ট্রদূতের আবেদন খারিজ করে দিয়ে সুজাতা জানিয়ে দেন,দেবযানী খোবরাগাড়ে ইস্যুতে মার্কিন প্রশাসন যতক্ষণ না কোনও যৌক্তিক পদক্ষেপ নিচ্ছে,ততক্ষণ দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়।
সম্প্রতি আমেরিকা জানিয়ে দিয়েছে,খোবরাগাড়ের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করার কোনও সম্ভাবনা নেই। এদিকে ১৩ জানুয়ারি দেবযানী মামলার শুনানি হওয়ার কথা যে রয়েছে তার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসনের ওপর নতুন করে এ চাপ বাড়াচ্ছে নয়াদিল্লি।
অন্যদিকে,দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার ও নগ্ন করে তল্লাশির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সালমান বশির। সোমবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন,"ভিয়েনা চুক্তি মেনে চলা সব দেশের জন্যই বাধ্যতামূলক।" সূত্র: আইআরআইব