[b]ঢাকা:[/b] বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন,তারা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার সময় চেয়েছেন।

ফারুকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল আজ স্পিকার শিরীন শারমিনের সাথে দেখা করেন।
সাক্ষাৎ শেষে ফারুক বলেন,'সংসদ বহাল আছে। খালেদা জিয়া এখনো বিরোধী দলীয় নেতা। তাহলে কেন তার প্রোটোকল প্রত্যাহার করা হলো। এ বিষয়টি আমরা রাষ্ট্রপতিকে বলব।'

তিনি জানান, তারা ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন। কখন তিনি সাক্ষাৎ দেবেন তা দুপুরে বঙ্গভবন থেকে জানানো হবে।

ঢাকামুখী অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ করতে না পেরে ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বুধবার বছরের প্রথম দিন থেকেই সারা দেশে লাগাতার অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত রোববার নয়া পল্টনে যেতে চাইলেও পুলিশের বাধায় তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি।

বিএনপির দাবি, তাদের চেয়ারপার্সনকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।