রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন চিন্তাবিদ যিনি বাঙালির প্রেরণার জায়গা সৃষ্টি করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন।
শুক্রবার বিকালে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মবার্ষিকীর দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাহিত্য সংস্কৃতির মান্যতার প্রতীক। কুষ্টিয়াবাসী তাকে পেয়েছিল অন্যভাবে। রবীন্দ্রনাথ ছিলেন কুষ্টিয়াবাসীর সব চেয়ে কাছের মানুষ। ঘরের মানুষ। বাংলা সাহিত্যের এই কালজয়ী প্রতিভা শিলাইদহের মাটি-হাওয়ার গন্ধে একেকার হয়ে এখানে বসেই নোবেল জয়ী গীতাঞ্জলির অধিকাংশ রচনা করেন। খুব কাছে থেকে দেখেছেন গ্রাম-বাংলার প্রকৃত রূপ।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমিরুল ইসলাম।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // এসআর





