[b]নারায়ণগঞ্জ: [/b]নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতিতি খুবই কম। আওয়ামীলীগ নেতাকর্মীদের ধারণা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে পারে।
এদিকে সকালে উপজেলার বরপা এলাকায় বরপা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় এলাকার লোকজন আজমাদ নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
ভোটের আগের রাতে রূপগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্রে নাশকতা, আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও রোববার সকাল থেকে ভোট কেন্দ্রগুলো ছিল স্বাভাবিক।
সকাল থেকে কয়েকটি ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের অনেক কম উপস্থিতি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, আওয়ামী লীগের লোকজনদের তাগিদেই তারা ভোট কেন্দ্রে এসেছেন।
এদিকে রূপসী মডেল হাই স্কুলে সকাল সোয়া ৮টায় ভোট দিয়েছেন এমপি গাজী। এসময় তিনি সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট চলছে।
গন্ধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৮টায় ভোট দেন স্বতন্ত্র প্রার্থী ডা. শওকত আলী।
উপজেলার ১০১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন আছে।
রূপগঞ্জ আসনের ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৫ যার মধ্যে এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৪৯৯ ও নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৫০৬। ভোট কেন্দ্র ১০১টি।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী নৌকা, স্বতন্ত্র প্রার্থী ডা. শওকত আলী তালা প্রতীক ও জাতীয় পার্র্টির (এরশাদ) মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন মোল্লা লাঙ্গল প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।