কৃষিতে অপর‌্যাপ্ত বাজেট ভবিষ্যত খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে বড় ধরনের বাধা  সৃষ্টি করবে। তাই বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইকুইটি বিডির উদ্যোগে ‘কৃষিতে অর্পাপ্ত বাজেট ভবিষ্যত খাদ্য স্বয়ংসম্পূর্তার ক্ষেত্রে আত্মঘাতী’ শিরোনামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইকুইটিবিডির নেতারা এ দাবি জানান।
ইকুইটি বিডি, কৃষক ফেডারেশন, বাংলাদেশ ভূমিহীন সমিতি, কোষ্টট্রাস্ট, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০০৮ সালে নির্বাচনের সময় বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছে ২০১৩ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, কৃষি উপকরণের সহজলভ্যতা, কৃষিজাত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সরকারের সে মেয়াদ শেষ হলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেনি।
এ সময় তারা বলেন, ২০১৪-১৫ বাজেটে কৃষির জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে জাতীয় বাজেটের মাত্র ৪.৯৫ শতাংশ। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে জাতীয় বাজেটে বরাদ্দ রাখো হয়েছে মোট বাজেটের ৭ শতাংশেরও বেশি। ভারতে গত ১২-১৩ অর্থবছরের বাজেটে কৃষিতে পূর্ববর্তী বাজেটের চেয়ে ১৯.৭৩ শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু সে তুলনায় বাংলাদেশে তা করা হয়নি।
বাংলাদেশে ১৪-১৫ বাজেটে কৃষিতে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৩শ ৯০ কোটি টাকা। যা ১৩-১৪ অর্থবছরের তুলনায় মাত্র ১১১ কোটি টাকা বেশি। গত অর্থবছরে কৃষিতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৫.৬৮ শতাংশ। অথচ ১৪-১৫ অর্থবছরে তা মাত্র ৪.৯৫ শতাংশ। মোট বাজেটের আকার বাড়লেও বাজেটে কৃষির অংশ কমে গেছে ০.৭৩ শতাংশ।
বক্তারা বলেন, অপর্যাপ্ত বাজেট বরাদ্দ ভবিষ্যতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাধাগ্রস্থ হতে পারে। বাজেটে কৃষি ভর্তুকির পরিমান বাড়েনি। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং ভর্তুকি কার্যকারিতা হ্রাস পাবে।
তারা বলেন, উৎপাদন ব্যয় বাড়লেও সরকার ক্রয়মূল্য নির্ধারণ করে উৎপাদন ব্যয়ের চেয়ে কম মূল্যে। আবার বীজ সম্পর্কে তারা বলেন, বিদেশি বীজ বাংলাদেশি কৃষিকে ধ্বংস করছে। সম্প্রতি বিটি বেগুন চাষীরা ঋণের দায়ে আত্মহত্যা করেছে। তাই বিদেশি বীজ না এনে দেশীয় বীজ গবেষণায় পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ রাখলে চাষীরা লাভবান হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইকুইটিবিডির সাধারণ সম্পাদক আমিনুল হক, সদস্য বরকতুল্লাহ মারুফ, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, কৃষক ফেডারেশনের সভাপতি জাহিদ ইকবাল, কৃষক উন্নয়ন পরিষদের আমিনুল রুসুল বাবুল প্রমুখ।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]