রংপুরে হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১০ জন মুসল্লি আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে হিজবুত তাওহীদের ২০ কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েকদিন থেকে রংপুরের পূর্ব বোতলা এলাকায় নামাজ-রোজা নিয়ে বিভ্রান্তির মন্তব্য করে আসছিল হিজবুত তাওহীদের কর্মীরা। এ বিষয়ে আলোচনা না করতে হিজবুত তাওহীদের নেতা কর্মীদের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টায় ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল।
স্থানীয় মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক রফিকসহ স্থানীয় মুসল্লিরা বাধা দিলে হিজবুত তাওহীদের কর্মীরা স্থানীয় মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে আহত হয় ১০ জন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। সাধারণ কেউ আটক হলে তাকে ছেড়ে দেয়া হবে।
ঢাকা, ২১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর