[b]বুয়েন্স আয়ার্স:[/b] আর্জেন্টাইন কবি জুয়ান গেলম্যান মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গেলমান বিশ্বে স্প্যানিশ ভাষার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার লাভ করেন। তিনি আর্জেন্টিনায় সামরিক শাসনের কট্টর সমালোচক ছিলেন।
গেলম্যান বিগত ২০ বছর ধরে মেক্সিকোয় নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। জাতীয় সংস্কৃতি ও কলা পরিষদ তার মৃত্যুর কথা ঘোষণা করেছে।
তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
মিলেনিয় পত্রিকা জানায়,গেলম্যান নিজ বাড়িতে মারা গেছেন। তিনি এ পত্রিকায় সাপ্তাহিক কলাম লিখতেন।
গেলম্যানকে বিশ্বে স্প্যানিশ ভাষার অন্যতম বড় কবি মনে করা হয়।
তিনি আর্জেন্টিনাসহ ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এক সময়ের সেনা শাসকদের দায়মুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
জুয়ান ২০০৭ সালে স্প্যানিশ কের্ভান্টেস পুরস্কার লাভ করেন। এটা বিশ্বে স্প্যানিশ ভাষায় সাহিত্যের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার।
১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনায় সেনা শাসন চলাকালে গেলম্যান তাদের নিষ্ঠুর আচরণের শিকার হন। এ সময় তার পুত্র ও পুত্রবধূ মারা যান।
কবিতা ছাড়াও গেলম্যান সাংবাদিকতা ও অনুবাদের কাজ করতেন। তার প্রকাশিত বই ৩০টির বেশি। সেনাবাহিনী যখন আর্জেন্টিনার শাসন ক্ষমতা দখল করে,তখন তিনি রোমে অবস্থান করছিলেন।
নির্বাসনে থাকার সময় তিনি মাদ্রিদ,নিকারাগুয়া,নিউইয়র্ক ও সবশেষে মেক্সিকো সিটিতে বাস করেন। সূত্র: এএফপি
টাইম নিউজ/এসএমএ