ঢাকা: বিরোধীদলের কোনো ধরনের হরতাল বা অবরোধ না থাকলেও মতিঝিল ব্যাংক পাড়ায় প্রতিটি ব্যাংকের প্রধান ফটক তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। ব্যস্ততম গোটা মতিঝিলজুড়ে রয়েছে ছুটির আমেজ। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যাংক, বীমাসহ অন্যান্য অফিসের মুল ফটক। ব্যাংকে কর্মকর্তারা উপস্থিত হলেও গ্রাহকের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশে ব্যাংক বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। বিরোধী জোটের ‘ঢাকামুখী অভিযাত্রা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী এমন নির্দেশ দিয়েছে বলে একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এ প্রতিনিধিকে জানিয়েছেন।
যমুনা ব্যাংকের কর্মকর্তা মো: আসাদু্জামান টাইম নিউজকে বলেন, বিরোধী জোটের রাজনৈতিক কর্মসূচি থাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু কিছু ব্যাংকের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। তবে আমাদের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলছে। কর্মকর্তাদের উপস্থিতি থাকলেও গ্রাহকদের উপস্থিত অনেকটাই কম।
মতিঝিল পাড়ার বেসরকারি অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক ও আথিক প্রতিষ্ঠানগুলোতে চিত্র দেখতে পাওয়া গেছে। বেসরকারি ব্যাংক ছাড়াও সরকারি সোনলী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ও রূপালী ব্যাংকের শাখাগুলোর প্রধান ফটক বন্ধ দেখা গেছে।
রাজধানীতে গণপরিবহনের চলাচল বন্ধ থাকায় ব্যাংক কর্মকর্তারা অনেকেই নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হতে পারেনি বলে অভিযোগ করেছেন। কেউ কেউ কয়েকঘন্টা পর অফিসে পৌছেন।তবে কষ্ট করে ব্যাংকে অনেকে আসতে পারলেও সরকারের কঠোর অবরোধের কারণে গ্রাহকের উপস্থিতি ছিল না বললেই চলে। দিনভর বাণিজ্যিক পাড়া হিসেবে খ্যাত মতিঝিল পাড়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।





