ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে  সরকারের অবস্থান পরিস্কারের দাবি জানিয়েছে।
শনিবার টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন,২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)  চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের বক্তব্যে জনমনে  বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সরকারকে এ বিভ্রান্তি  দূর করতে হবে।
যারফলে আয়কর অধ্যাদেশের ১৯ বি ধারা রহিত করে কালো টাকা বৈধ করার সকল প্রত্যক্ষ ও পরোক্ষ সুযোগ বন্ধ করার আহবান জানায় টিআইব।
গত  ৫ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবার উন্নয়ন ও অনুন্নয়ন মিলে বাজেটের আকার দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
টিআইবি বিবৃতিতে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে অর্থমন্ত্রীর উল্লিখিত উপাদান- রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং সামাজিক আন্দোলন বেগবান করতে জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নে কার্যকর পথরেখা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানিয়েছে।
টিআইবি’র নির্বাহী পরিচালক  বলেন, ‘প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার না করে বাজেটে কালো টাকাকে  বৈধতা দেবার অনৈতিক, অসাংবিধানিক ও বৈষম্যমূলক পথে অর্থমন্ত্রীর না যাওয়ার সিদ্ধান্তের ঘোষণা প্রশংসনীয়। প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী কালো টাকা বিরোধী অবস্থান ঘোষণা করে যে আশাবাদ সৃষ্টি করেছেন তার পরিপ্রেক্ষিতে সরকারকে আরও দৃঢ় অবস্থান নিতে হবে।
বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিবালয়ের অধীন জাতীয় শুদ্ধাচার বাস্তবায়ন ইউনিটের ক্ষমতা, সম্পদ ও দক্ষতা বৃদ্ধিসহ কৌশলপত্রের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানে শুদ্ধাচারের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দিকনির্দেশনা ও অর্থায়নের আহ্বান জানানো হয়।
[b]ঢাকা,একে,৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]