মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আরশেদ দেওয়ান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরশেদ দেওয়ান সিংগাইরের বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার মৃত আমজাদ দেওয়ানের ছেলে।
স্থানীয়রা জানান, আরশেদ দেওয়ানের সঙ্গে বাড়ির পাশের কিছু জমি নিয়ে প্রতিবেশী আব্দুর রশিদের ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় আব্দুর রশিদ তার দলবল নিয়ে আরশেদের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আরশেদ।
গুরুতর আহত অবস্থায় আরশেদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
সিংগাইর থানার ওসি (তদন্ত) শাহজাহান ভূইয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি)//এএইচ[/b]