সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের স্কুলপড়ুয়া ছেলে শুভ ও রুহী একটি ব্যানার নিয়ে সন্ধ্যায় খুলনা সদর থানার প্রধান ফটকে দাঁড়িয়েছিল। ব্যানারে লেখা ছিল  'মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আমাদের আব্বুরে ক্রসফায়ারে দিবেন না।’
এর আগে গতকাল দুপুরে নগরীর টুটপাড়া পাইপের মোড় থেকে ওই নেতা, ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ ও তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রউফকে খুলনা সদর থানা পুলিশ গ্রেপ্তার করে ক্রসফায়ারে দেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে তারা পিতার জীবন রক্ষায় এ আকুতি জানায়।
সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজ খুলনা ক্যাম্পাসের দশম শ্রেণীর ছাত্র মোস্তফা ফাহিম শুভ বলে, ‘পুলিশ আমার আব্বুকে ক্রসফায়ারে দিবে। সাতক্ষীরার এসপি প্রকাশ্যে বারবার বলেছে, আব্বুকে যেখানে পাবে, সেখানেই গুলি করবে। তিনি আরও বলেছেন, পুলিশ না পারলেও জনগণ কাঠের চেলা দিয়ে ওকে হত্যা করবে।
শুভ হাউমাউ করে কেঁদে উঠে বলে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুই ভাইকে এতিম করবেন না। আমাদের মুখ থেকে আব্বু ডাকটি কেড়ে নিবেন না।’ এরপর থানার অভ্যন্তরে গিয়ে ওসির কক্ষে তাকে পেয়ে একই ভাবে বিলাপ করে বলেন, আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের আব্বুকে ফিরিয়ে দিন।
এর আগে সন্ধ্যা ৭টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি এক সংবাদ সম্মেলনে মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি নেতা রুহুল কুদ্দুসের বিরুদ্ধে পুলিশ ধান ও গরু চুরিসহ আটটি মামলা দিয়েছে। তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। নিরাপত্তার অভাবে তিনি খুলনায় বাসা ভাড়া করে বসবাস করতেন।
সাতক্ষীরার পুলিশ প্রশাসন তাকে ক্রসফায়ারে দেবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আমরা আশংকা করছি, গত তিন দিন ধরে সাতক্ষীরায় অস্ত্র উদ্ধারের নামে রাজনৈতিক নেতাদের যেভাবে ক্রসফায়ারে দেয়া হয়েছে- ঠিক একই ভাবে রুহুল কুদ্দুসকে পুলিশ হত্যা করতে পারে।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়ার ৭ ঘণ্টা অতিবাহিত হলেও তাকে আদালতে না পাঠানোয় পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি, ফকরুল আলম, অধ্যক্ষ তরিকুল ইসলাম, এডভোকেট ফজলে হালিম লিটন, সিরাজুল হক নান্নু, মোল্লা খায়রুল ইসলাম, গ্রেপ্তারকৃত রুহুল কুদ্দুসের শিশুপুত্র মোস্তফা ফাইম শুভ, আদনান ফাহিম রুহী প্রমুখ।
ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ