কালিয়াকৈরে ব্যবসায়ী অপহরণ। অপহরণের ১২ ঘণ্টা পর মুক্তিপণের টাকা নিতে গেলে পুলিশ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার এসআই রাজিব খান জানান, শনিবার আনুমানিক রাত ৮ টায় রসুলপুর এলাকার একটি আম বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃতকে উদ্ধার করা হয়েছে।
অপহৃত ব্যবসায়ী আব্দুল্লাহ আল কায়সার ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
দীর্ঘ দিন ধরে তিনি ব্যবসায়িক কারনে কালিয়াকৈরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।  
পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন- বাড়ি ওয়ালা শ্যামন মিয়া (২৫), রসুলপুর এলাকার সৈয়দ মুন্না রিজভী (২১), একই এলাকার আড়ং খান (২৩), হাবিবুর রহমান (২৩) ও সৈয়দ রহাত হোসেন (২৩)।
কায়সারের স্ত্রী তাজনুবা খানম পুলিশকে জানিয়েছিলেন, শনিবার সকাল ৮ টায় তাদের বাড়িওয়ালা শ্যামনসহ আরও ৪ জন মিলে তার স্বামীকে জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে যায়। পরে তারা কায়সারের মোবাইল থেকে তাজনুবাকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এসআই রাজিব বলেন, সন্ধ্যার দিকে তাজনুবা ৩ লাখ টাকা দেওয়ার  জন্য চন্দ্রা এলাকায় যান। এ সময় টাকা নিতে এসে শ্যামনকে ধরে ফেলে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতেই ওই জঙ্গল থেকে কায়সারকে উদ্ধার করা হয় এরপর তার দেয়া তথ্য অনুযায়ী আরও ৪ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]