[b]নয়াদিল্লি:[/b] নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাসের বিরুদ্ধে আরো কিছু 'ব্যবস্থা' নিয়েছে ভারত। বুধবারের এক সিদ্ধান্ত অনুযায়ী মার্কিন দূতাবাসকে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া, মার্কিন দূতাবাস পরিচালিত একটি ক্লাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত।
বুধবার এসব সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারির মধ্যে এসব ব্যবস্থা কার্যকর করতে হবে।
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে নিয়ে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনার সর্বশেষ সংস্করণ এটি। খোবড়াগাড়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে এসব সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
প্রসঙ্গত, নয়াদিল্লিস্থ মার্কিন দূতাবাস 'আমেরিকান সাপোর্ট কমিউনিটি অ্যাসোসিয়েশন' (এএসসিএ) নামে একটি ক্লাব পরিচালনা করে আসছে। এই ক্লাবের তত্ত্বাবধানে একটি বার কাম রেস্টুরেন্ট, একটি ভিডিও ক্লাব, সুইমিং পুল, খেলার মাঠ, বোলিং পিচ, ব্যায়ামাগার ও বিউটি পার্লার রয়েছে।
এই ক্লাবের সদস্যদের জন্য প্রতি সপ্তাহে এক বোতল কড়া মদ, দুই বোতল ওয়াইন, ১২ ক্যান বিয়ার বা হালকা মদ সরবরাহ করা হতো। চলতি বাজার মূল্য থেকে অনেক কম মূল্যে এসব জিনিস সরবরাহ করা হতো বলে জানিয়েছে ভারতীয় দৈনিক হিন্দুস্থান টাইমস।
ক্লাবের সদস্যরা কেবল তাদের দূতাবাসের নির্দিষ্ট রেস্টুরেন্টেই নয়, অন্যান্য দামি দামি রেস্টুরেন্ট ও বারে যাওয়ারও সুবিধা ছিল। নতুন আদেশ অনুযায়ী এসব সুযোগ-সুবিধা স্থগিত করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র তার দেশে ভারতীয় দূতাবাসের সুযোগ-সুবিধা হ্রাস করায় ভারত এ ব্যব্স্থা নিল বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
শুধু তাই নয়, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা গাড়ি চালানোর সময় নয়াদিল্লির সাধারণ ট্রাফিক আইনের আওতায় পড়বেন এবং নিয়ম ভঙ্গ করলে সাধারণ আইন-কানুন অনুযায়ীই ব্যব্স্থা নেয়া হবে।
এর আগে মার্কিন কূটনীতিকদেরকে তাদের পরিচয়পত্র ফেরত দেয়ার নির্দেশ দেয় ভারত। এই পরিচয়পত্র দিয়ে বিশেষ সুবিধা ভোগ করতে পারতেন কূটনীতিকেরা। এ ছাড়া, বিমানবন্দরের পাস ও বহির্গমন ছাড়পত্রও বাতিল করা হয়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের ডেপুটি কনস্যুলেট দেবযানী খোবড়াগাড়েকে আটক করে মার্কিন পুলিশ। আটক করে ব্যস্ত রাস্তাতেই তাকে তল্লাশি করা হয়। এরপর তাকে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে উলঙ্গ করে চেক করা হয়। তার বিরুদ্ধে মাদকাসক্ততার অভিযোগও আনা হয়। এ নিয়ে তখন থেকেই দুদেশের কূটনীতিতে টানাপোড়েন শুরু হয়েছে। সূত্র: আল জাজিরা