রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা মন্ত্রণালয়ে নেই। তবে সঠিক তালিকা সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জুনের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের নির্ধারিত দিনের অধিবেশন শুরু হয়।
আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,সব শ্রেণির মুক্তিযোদ্ধা ও তাঁদের পরবর্তী প্রজন্মের জন্য 'বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি' প্রবর্তন করা হয়েছে। ২০১২ সালে যারা এইচএসসি পাস করেছেন,তাঁদের প্রথম ব্যাচ ধরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রতি মাসে ১ হাজার টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া মুক্তিযুদ্ধের ওপর দেশের অভ্যন্তরে পিএইচডি করার জন্য প্রতি বছর দুজনকে এ বৃত্তি দেওয়া হবে।
সাধন চন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,সব উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর আওতায় পাঁচটি উপজেলায় ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। ৫৮টি উপজেলায় নির্মাণকাজ চলমান। ১ হাজার ৭৮ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এই প্রকল্প ২০১৫ সালের জুনে শেষ হবে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]