বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে ২ ভাইয়ের সমর্থকদের মধ্যে সঘর্ষে আবুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও ৯ জন আহত হন। আহতদের ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। তখন ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাশেমসহ ১০ জন আহত হন। তাদেরকে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।  
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে প্রাথমিক জিজ্ঞসাবাদের জন্য ৩ মহিলাসহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে।
আটককৃতরা হলেন- রিয়াজ (৬৫), হাসিমুদ্দিন (৬০), আজিবর (৩৫), আহেমা (৩০), নাজমা (২৮), হাদিবুর রহমান (১৫)ও আদিদা সুলতানা (২৫)।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]