[b]ওয়াশিংটন:[/b] সুষ্ঠু,অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমঝোতা না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র মারি হার্ফ এ মন্তব্য করেন। তিনি বলেন,পরবর্তী সময়ে আরো অনুকূল কোনো পরিস্থিতিতে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ক্ষেত্রে কোনো অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ।
৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলীয় নেতাকে গৃহবন্দী করে রাখার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে হার্ফ বলেন,বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য এবং তাদের ইচ্ছার প্রতিফলন হয় এমন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথ খুঁজে বের করার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর গঠনমূলক সংলাপে বসা এখন আরো জরুরি হয়ে পড়েছে। আমরা বারবার বলেছি,সহিংসতা গ্রহণযোগ্য হতে পারে না। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। সহিংসতা এখনই বন্ধ করা উচিত। এটাই আমাদের অবস্থান। আমরা জানি আরো বেশকিছু কাজ করা এখনো বাকি আছে,আশা করি ভবিষ্যতে অগ্রগতি হবে।
বাংলাদেশের নেতৃবৃন্দের কাছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,কিছু টেলিফোন করা হয়েছে।
বিরোধী দলের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে কিনা জানতে চাইলে হার্ফ বলেন,এ সংক্রান্ত প্রতিবেদন আমি দেখিনি। পরে খোঁজ নিব কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা।