রানা প্লাজা ধসের এক বছর পূর্তি ২৪ এপ্রিল বৃহস্পতিবার। দিনটিকে স্মরণ করতে হাজারো শোকার্ত মানুষ সমবেত হয়েছেন সাভারের রানা প্লাজা সংলগ্ন এলাকায়।
সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক, পেশাজীবী ও শিক্ষার্থীরাসহ নিহত ও আহতদের স্বজনদের ঢল নেমেছে যেনো। এতে করে বন্ধ হয়ে গেছে রানা প্লাজা সংলগ্ন সড়ক।
বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার, লিফলেট, কালো পতাকা, কালো ব্যাজ, জাতীয় পতাকা ও প্রতীকী কাফনের কাপড় নিয়ে হাজির হয়েছেন অনেকে। ৯ দফা দাবি নিয়ে সমাবেশ ও বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।
সাভারে সংঘটিত রানা প্লাজা দুর্ঘটনার এক বছর, যথাযথ ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন ও  র‌্যালি করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, দুর্ঘটনার এক বছর হয়ে গেছে। কিন্তু এখনো আমাদের শ্রমিকরা ন্যয্য ক্ষতিপূরণ পায়নি। সরকারকে দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
রানা প্লাজা নিহত-আহত ও নিখোঁজ শ্রমিকদের সম্মানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নারায়ণগঞ্জ।
রানার সব সম্পত্তি বাজেয়াপ্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি এবং নিহত ও আহতদের ক্ষতিপ‍ূরণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
পর্যাপ্ত ক্ষতিপূরণ ও রানার বিচারের দাবিতে মহাসড়কে মিছিল ও সমাবেশ করছেন পোশাক শ্রমিকরা। এসময় তারা রানার ফাঁসির দাবি করেন। পাশাপাশি রানার জমি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বণ্টনের দাবি জানান তারা।
অনেকেই প্রিয় স্বজনের ছবি হাতে করে জমায়েত হয়েছে রানা প্লাজা সংলগ্নে। এসময় তারা ক্ষতিপ‍ূরণের দাবি করেন। আব্দুল মান্নান শেখ। জন্মস্থান রাজশাহী জেলার বাঘা থানার ফতেয়পুরে। তার সেলিম শেখকে (২২) ১৫ দিন পরে ছেলের লাশ পেলেও পায়নি উপযুক্ত ক্ষতিপ‍ূরণ।
তিনি জানান, লাশের সঙ্গে ২০, বিকাশের মাধ্যমে ৪৫ হাজার এবং প্রধানমন্ত্রী দিয়েছিলেন ১ লাখ। আমার ছেলে হারিয়ে যে ক্ষতি হয়েছে হাজার কোটি টাকা দিলেও কি পূর্ণ হবে?
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]

ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এএইচ