আন্দামান সাগরে দুর্ঘটনা কবলিত জাহাজ এমভি হোপের দুই বাংলাদেশি নাবিকের লাশ বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে।
রাত ১২টার দিকে এমভি হোপ জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন এবং অয়েলার মো. আলী হোসেনের লাশ তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায় নিয়ে পৌঁছেন তাদের স্বজনরা। এই সময় দুই পরিবারের গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। আশে পাশের এলাকা থেকে শত শত মানুষ লাশ দেখতে ভিড় করেন।
ঘটনার প্রায় ৮ মাস পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুই নাবিকের লাশ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দুই নাবিকের লাশ। ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে ঢাকা বিমানবন্দরে উপস্থিত দুই নাবিকের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিকেলের মধ্যেই স্বজনরা লাশ নিয়ে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
রাত ১২টার দিকে অয়েলার আলী হোসেনের লাশ চট্টগ্রামের বোয়ালখালী এবং ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিনের লাশ আনোয়ারা উপজেলার গ্রামের বাড়িতে পৌছায়। আজ গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
২০১৩ সালের ৪ জুলাই আন্দামান সাগরের ফুকেট উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে সিরামিক শিল্পের কাঁচামাল বহনকারী এমভি হোপ নামের জাহাজটি। দুর্ঘটনায় ৮ জন নাবিকের মৃত্যু হয়। এদের মধ্যে বাংলাদেশি চার নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তারা হলেন ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, ইলেকট্রিশিয়ান মো. সাদিম আলী, অয়েলার নাছির উদ্দিন, চিফ কুক নাসির উদ্দিন।
এছাড়া ওই সময় জীবিত উদ্ধার করা হয়েছিল নয় নাবিককে।  
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]