[b]জুরিখ:[/b] সোমবার ঘোষণা করা হলো বিশ্ব ফুটবলের সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ফিফা ব্যালন ডি'অর। সেই সাথে ঘোষণা করা হয়েছে ফিফা বর্ষসেরা কোচ, সেরা একাদশ ও নারী ফুটবলার ও কোচের নাম।
২০১৩ সালের ফিফা ব্যালন ডি'অর পুরস্কারটি জিতেন পর্তুগাজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদোর হাতে এই বর্ষসেরার পুরস্কার তুলে দেয়া হয়।
সেরা কোচ হিসেবে অবশ্যম্ভাবী হিসেবেই সেরার খেতাব জিতে নিয়েছেন বায়ার্নের সাবেক কোচ জুপ হেইঙ্কস। ঐতিহাসিক ট্রেবল জয়ী দলের কোচ হিসেবে হেইঙ্কসের সাথে আর কোন কোচের কার্যত কোন প্রতিদ্বন্দ্বীতাই হয়নি।
বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন জার্মান জাতীয় দলের গোলরক্ষক নাদিন আনগারার। আর সেরা মহিলা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মান কোচ সিলভিয়া নেইড।
বিশেষ সম্মানসূচক ব্যালন ডি’অর প্রদান করা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলেকে। নিজের খেলোয়াড়ী জীবনে তিনি কখনই এই খেতাবের জন্য মনোনীত হতে পারেননি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪০ গজ দুর থেকে অ্যাক্রোবেটিক ওভারহেড কিকের সাহায্যে গোল করে সুইডিশ তারকা জালাটান ইব্রাহিমোভিচ সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার জিতেছেন।
বর্ষসেরা দলে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নেয়ার, ফুল-ব্যাক এবং অধিনায়ক ফিলিপ লাহম এবং রিবেরি, বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেস, মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি এবং মেসি, রিয়ালের রোনালদো, সার্জিও রামোস এবং প্যারিস সেইন্ট-জার্মেইর ইব্রাহিমোভিচ এবং সেন্টার-ব্যাক থিয়াগো সিলভা।