সোনারগাঁওয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের পর পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ওসি আতিকুর রহমানকে ক্লোজড করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ওসি আতিকুর রহমানকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে ৪১ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষ একে অন্যের বিরুদ্ধে ৮টি মামলা করেছে।
শুক্রবার রাতে দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন বিল্লাল হোসেনের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে ৪ পুলিশকে পিটায় ও কুপিয়ে জখম করে এবং পুলিশের একটি শটগান ও একটি ওয়ারলেস সেট লুটে নেয়।
এ ঘটনায় ওসির দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাকে ক্লোজড করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, ফতেহপুর গ্রামে বিল্লাল হোসেন ও আনোয়ার হোসেনের মধ্যে জমি নিয়ে যে বিরোধ সেটা নিয়েও বাণিজ্য করেছে ওসি আতিকুর রহমান। দুই পক্ষ মামলা করায় উভয় গ্রুপ থেকেই সুবিধা নেয় আতিকুর রহমান।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]