নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলেও জামিনের বিপক্ষে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। 

বুধবার (৪ জানুয়ারি) জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এটি দাখিল করা হয়। আজকেই এর শুনানি হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) নাশকতার মামলায় ৬ মাসের জামিন পেয়েছেন বিএনপির এ দুই নেতা। দুপুরে বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান মনির বলেন, ফখরুল ও আব্বাসের জামিন বাতিল চেয়ে আপিল করা হবে।

এর আগে জামিন চেয়ে চারবার বিচারিক আদালতে আবেদন করেছিলেন বিএনপির এ দুই শীর্ষ নেতা। চারবারই খারিজ হয়ে যায়। সবশেষ সোমবার (২ জানুয়ারি) হাইকোর্টে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতাকর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের। তবে এতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম উল্লেখ ছিল না।