[b]ঢাকা:[/b] বিএনপির সংসদ সদস্যরা শুক্রবার বিকাল ৪টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বৃহস্পতিবার দুপুরে পৌনে দুইটায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপির সংসদ সদস্যরা জানিয়েছিলেন, তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। বঙ্গভবন থেকে তাদের জানানো হয়, আজ দুপুর দেড়টায় এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন রাষ্ট্রপতি।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, তারা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার সময় চেয়েছেন।
সাক্ষাৎ শেষে ফারুক বলেন,সংসদ বহাল আছে। খালেদা জিয়া এখনো বিরোধী দলীয় নেতা। তাহলে কেন তার প্রোটোকল প্রত্যাহার করা হলো। এ বিষয়টি আমরা রাষ্ট্রপতিকে বলব।'
গণতন্ত্রের জন্য অভিযাত্রা ও নয়া পল্টনে সমাবেশ করতে না পেরে ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচন ঠেকাতে বুধবার বছরের প্রথম দিন থেকেই সারা দেশে লাগাতার অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গত রোববার নয়াপল্টনে যেতে চাইলেও পুলিশের বাধায় তিনি গুলশানের বাসা থেকে বের হতে পারেননি।
বিএনপির দাবি,দলটির চেয়ারপার্সনকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।





