মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী এলাকায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গাংনী থানায়  এ মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর আটক মাহবুব হক ওরফে মোমিনুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃত মোমিনুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার রেফাজ উদ্দীনের ছেলে।
মামলার অপর আসামিরা হলো বৈরাগীর চর এলাকার সজিব হোসেন ও সুলতান আলীর ছেলে শিশির হোসেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রী এসএসসি পরীক্ষা শেষে বামুন্দী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে বের হলে তিনজন যুবক তাকে অপহরণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে মোমিনুলকে আটক করতে পারলেও বাকি দু’জন পালিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) মাছুদুল আলম টাইম নিউজকে জানান, স্থানীয়রা মোমিনুল ইসলামকে আটক করার পর গাংনী থানায় সোপর্দ করেন। পরে ওই ছাত্রীর বাবার দায়ের করা অপহরণ চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
[b]মেহেরপুর,৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]