আরো একবার সেরেনা উইলিয়ামসকে হারানোর আকাঙ্ক্ষা অপূর্ণ রয়ে গেল মারিয়া শারাপোভার। শুক্রবার ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসের সেমিফাইনালে শারাপোভাকে ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন সেরেনা।
প্রায় পৌনে দুই ঘণ্টার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সেরেনার সার্ভ অপ্রত্যাশিত খারাপ হলেও তার সুযোগ নিতে ব্যর্থ হন রাশিয়ার শারাপোভা।
শারাপোভার সঙ্গে ১৭টি মুখোমুখি লড়াইয়ে এটা সেরেনার টানা চতুর্দশ ও সব মিলিয়ে পঞ্চদশ জয়। শারাপোভার দুটো জয়ই এসেছিল দীর্ঘ এক দশক আগে, ২০০৪ সালে।
সেরেনার ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার বিপরীতে শারাপোভার মাত্র চারটি শিরোপা। র্যাঙ্কিয়ে অবশ্য তেমন ফারাক নেই। গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের টেনিস র্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার পর শীর্ষাসন ধরে রেখেছেন সেরেনা। অন্যদিকে শারাপোভার অবস্থান চার নম্বরে। অথচ মুখোমুখি লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য ৩২ বছর বয়সী সেরেনার।
শনিবার ফাইনালে সেরেনার প্রতিপক্ষ গত দুবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
অন্য সেমিফাইনালে বেলারুশের আজারেঙ্কা ১-৬, ৬-৩, ৬-৪ গেমে সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে হারিয়েছেন।
প্রতিযোগিতার পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে সহজেই ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার মারিঙ্কো মাতোসেভিচকে।
শেষ চারে ফেদেরার খেলবেন ফ্রান্সের জেরেমি শার্দির বিপক্ষে।





