মানবাধিকার সংগঠন অধিকার বলেছে চলতি বছরের জানুয়ারি মাসের মতো ফেব্রুয়ারিতেও রাজনৈতিক সহিংসতা ছিল উদ্বেগজনক। ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার লংঘিত হয়েছে উল্লেখ করার মতো। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল অব্যাহত। মানবাধিকার সংগঠন অধিকারের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত এবং ১ হাজার ১৬৭ জন আহত হয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে ১৩টি। এর বাইরে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের নির্যাতনে আরও তিনজন এবং জেল হেফাজতে ৫ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন নিহত এবং ৫ জন আহত হন। ফেব্রুয়ারি মাসে সারা দেশে যৌতুক সহিংসতায় নিহত হয়েছেন ১৫ নারী। এ সময় আহত হন আরও ৪২ জন। অধিকারের দেয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ৯জন সাংবাদিক আহত, একজন হুমকির শিকার এবং একজন লাঞ্ছিত হয়েছেন। তাদের দেয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের ২৩টি এবং বিএনপির ৩টি অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে আহত হয়েছেন ২৪০ জন এবং বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ৪২ জন আহত হয়েছেন।
উপজেলা নির্বাচন পরিস্থিতি নিয়ে সংগঠনটি বলেছে, দেশের ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৬৯টি উপজেলার নির্বাচন ৫টি ধাপে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। বাকি ১৮টি উপজেলায় নির্বাচনের মেয়াদকাল উত্তীর্ণ না হওয়ায় এবং সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এরই মধ্যে প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ১০২টি, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে ১৮ মার্চ ৮৩টি, চতুর্থ ধাপে ২৩ মার্চ ৯২টি, এবং পঞ্চম ধাপে ৩১ মার্চ ৭৪টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। দলীয়ভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান না থাকলেও রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দিয়ে অংশ নিচ্ছে। ৫ জানুয়ারি ২০১৪ তে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও বিএনপি এবং জামায়াত এই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।
রিপোর্টে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপে উপজেলা নির্বাচন শেষ হওয়ার পর দেশের অনেক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। ২০ ফেব্রুয়ারি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মোল্লার বাজারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসাইন ও বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন মাঝির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ১০ ব্যক্তি আহত হন। জামালপুর জেলার সড়িষাবাড়ীর মহাদান ইউনিয়নের হিরনবাড়ি গ্রামের আওয়ামী লীগ সমর্থকদের আটটি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিএনপি সমর্থিত বিজয়ী উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদারের সমর্থকরা ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত আনুমনিক ১০টায় বাগেরহাট জেলার শরণখোলার তাফালবাড়ী বাজারে আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন খোকনসহ তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামানের সমর্থকরা। এই ঘটনায় ২০ জন আহত হন। একই রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা বাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিনজন পুলিশ ও দুইজন আনসারসহ অন্তত ২০ জন আহত হন। এই সময় বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ সমর্থিতদের ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের শুরুতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা ছিল উদ্বেগজনক। জানুয়ারিতে ৩৯ জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা ১৬ জন।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
শ্রেণীহীন
ফেব্রুয়ারিতে ১৩ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
মানবাধিকার সংগঠন অধিকার বলেছে চলতি বছরের জানুয়ারি মাসের মতো ফেব্রুয়ারিতেও রাজনৈতিক সহিংসতা ছিল উদ্বেগজনক। ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার লংঘিত হয়েছে উল্লেখ করার মতো। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল অব্যাহত।





