রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে তিন রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার হাসপাতেল ভর্তি অবস্থায় তারা মারা যায়। রোগীর স্বজনদের দাবি-ডাক্তারদের খামখেয়ালী ও অবহেলার কারণেই তারা মারা গেছেন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মারধরের ঘটনায় জরুরি বৈঠকে বসছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং হামলায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন কমিটির সভাপতি। ঘটনার প্রতিবাদে বেলা ১২ টায় বিক্ষোভ করবে সাংবাদিকরা।
রোববার রাত নয়টায় হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসায় অবহেলার ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ওপর চড়াও হয় চিকিৎসকরা। এ সময় ক্যামেরা ভাঙচুর করে এবং সাংবাদিকদেরকে লোহার রড ও লাঠি দিয়ে পেটায় তারা।
এতে চ্যানেল ২৪ এর রিপোর্টার আবরার সাঈরকে বেধড়ক পিটিয়ে এক ঘন্টারও বেশি সময় আটকে রাখে তারা। গুরুতর আহত হন ইনডিপেনেডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান জাফর ইকবাল লিটন,এটিএন নিউজের ক্যামেরাম্যান রুবেল। যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান রাসেলকে চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে।
ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা।
ঘটনার সময় দায়িত্বে অবহেলা করায় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রাতেই বাধ্যতামূলক ছুটিতে পাঠান। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ কমিশনার।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]