এক শিশুর মায়ের দাবি করেছেন দুই নারী। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায়। দুই নারী এখন থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ দিনের ওই শিশু সন্তান নিয়ে টানাটানি দেখে পৌর এলাকার ৫ নম্বর পশ্চিম মকিমাবাদের স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ শনিবার বিকাল ৪টার দিকে শিশুসহ দুই নারীকে থানায় নিয়ে যান।
দুই নারীর একজন হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের নাটেহরা মরণ আলীর মেয়ে বিলকিছ আক্তার । অপরজন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মৃত নিজাম উদ্দিনের মেয়ে আনু বেগম।
বিলকিছ আক্তার বলেন, ‘আমার স্বামী ৭ মাস আগে পালিয়ে যান। স্বামীর বাড়ি কুমিল্লা বিজরা এলাকায়। নাম বিল্লাল হোসেন। ৫ দিন আগে হাজীগঞ্জ পৌর এলাকার আলীগঞ্জ ভাড়া বাসায় বাচ্চা প্রসব করি। পরে সন্তান নিয়ে চট্টগ্রামে যাই। সেখানে বড় রেল স্টেশনে ওই নারীর সঙ্গে দেখা। তারপর থেকে সন্তান দাবি করে আমার পিছু ছাড়ছে না ওই নারী।’
আনু বেগম বলেন, ‘দুই মাস আগে আমার স্বামী মারা গেছেন। এটা আমার বাচ্চা। চট্টগ্রাম থেকে ওই নারী (বিলকিছ বেগম) বাচ্চা চুরি করে নিয়ে আসে।’
স্থানীয় জনগণ দুই নারীকে একধাত্রী (গাইনি) দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন বিলকিছ বেগম প্রসব বেদনায় অসুস্থ। তবে পুলিশ বিষয়টি সঠিকভাবে তদন্ত করে বাচ্চাটিকে তার মায়ের কোলে তুলে দেবে।
এসআই এরশাদ বলেন, ‘সঠিকভাবে তথ্য-উপাত্ত নিয়ে বাচ্চাটি কার তা শনাক্ত করা হবে।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, ‘নারীরা শিশু পাচারকারী কি না- তা খতিয়ে দেখা হবে।’
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]