ধানমন্ডি মাঠ রক্ষায় অহিনকূল যুদ্ধ চলছে বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘ধানমন্ডি খেলার মাঠ অতীত, বর্তমান এবং ?’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, পরিবেশ সচেতন স্পর্শকাতর মানুষ হিসেবে আপনাকে জানি। এই মাঠটিকে আপনি বাঁচান। এই মাঠ বাংলাদেশের সকল মাঠের প্রতীক। এই মাঠকে বাঁচাতে পারলে বাংলাদেশের সকল মাঠ-ভূমি খেকোদের দখল থেকে বাঁচবে।
তিনি বলেন, শেখ জামালের নাম ব্যবহার করে ধানমন্ডি মাঠে আজ বিল্ডিং বানানো হচ্ছে। আমাদের খেলার মাঠ দখল করা হচ্ছে তাতে তার মর্যাদা বাড়ছে না কমছে।
মাঠ যদি ক্লাব-ঘর হয় তাহলে মাঠ থাকবে কোথায় মন্তব্য করে তিনি বলেন, মাঠ বলে ঢাকা শহরে আজ কিছু নেই। আমাদের ছেলে মেয়েরা যাবে কোথায়?
আবু সায়ীদ বলেন, মাঠের অভাবে, পুকুরের অভাবে এ কি শহর আমরা বানিয়েছি! মানুষের স্বাস্থ্যচর্চার কোন রকম সুযোগ এখানে নেই। তরুন সমাজ ঘরের মধ্যে বসে স্থূল ও চলৎ শক্তিহীন অদ্ভুত জীবে পরিণত হয়েছে।
ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের সংগঠক ও বাপা’র জাতীয় পরিষদ সদস্য স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ধানমন্ডি খেলার মাঠে নির্মিত ক্লাবঘরে গ্যাস, বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগ ব্যবহার হচ্ছে। এই ৩টি সংযোগ কারা দিয়েছে তা খতিয়ে দেখার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি।
বক্তব্য রাখেন স্থপতি ইকবাল হাবিব, ক্রিড়া সংগঠক গাজী আশরাফ হোসেন লিপু।
[b]ঢাকা, ৩১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]