ময়মনসিংহে  এনার্জী কম্পোজিট ইয়াং ডায়িং মিলে (আরিফ নিট স্পিনিং মিল) ভাংচুর চালিয়েছে  শ্রমিকেরা।  বেতন ভাতা বাড়ানোর দাবিতে তারা এ ভাংচুর করে বলে জানা যায়।
রোববার সন্ধ্যায় ভালুকায় শ্রমিকেরা মিলে এ ভাংচুর শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত ১০ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
পুলিশ জানায়, ভালুকা উপজেলার জামিরদিয়া মাষ্টারবাড়ি এলাকার এনার্জী কম্পোজিট ইয়াং ডায়িং মিলে (আরিফ নিট স্পিনিং মিল) দীর্ঘদিন যাবত বেতন বৃদ্ধির দাবি করে আসছিল শ্রমিকেরা। মালিকপক্ষ বেতন বাড়ানোর আশ্বাস দিলেও বাস্তবায়ন না করায় রোববার সন্ধ্যায় শ্রমিকেরা মিলে ভাংচুর শুরু করে।
এ সময় তারা মিলের মালিকানাধীন একটি নোয়া গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষুব্ধ শ্রমিকেরা মিলের ২০ থেকে ৩০ টি কাভার্ড ভ্যান ও বেশ কিছু মাইক্রোবাস এবং প্রাইভেটকার ভাংচুর করে। পরে তারা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করতে চাইলে ভালুকা মডেল থানা পুলিশ ১০ থেকে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ব্যাপারে,মিলের অ্যাডমিন শাখার এজিএম  কবির উদ্দিন বিপুল জানান, আন্দোলনকারী শ্রমিকদের দাবি অযৌক্তিক। আমরা কিছুদিন আগে শ্রমিকদের বেতন ২’শ থেকে ৫’শ টাকা বাড়িয়েছি।
এর আগে রোববার রাত সাড়ে ৭ টায় ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানিয়েছিলেন, মিলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌছে তিনি শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ভংচুরের কথা জানান।  
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]