লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ নেতা সাইফুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ২টায় আজিমপুর কালু মেম্বারের পোল নামক স্থানে তাকে হত্যা করা হয়। সাইফুল করপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
এলাকাবাসী জানান, সোমবার বেলা দুইটার দিকে একদল অজ্ঞাত সন্ত্রাসী সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার ডান চোখ ও বাম হাতে গুলি করে হত্যার পর বাড়ির পাশেই ফেলে রেখে যায়।
ইউপি মেম্বার বেলাল হোসেন বলেন, করপাড়া গ্রামের মিঠু ও সোহেলসহ ৩ জন ব্যক্তি সাইফুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং গুলি করে হত্যা করে।
করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব বলেন, নিহত সাইফুল ইসলামের বিরুদ্ধে রামগঞ্জ ও লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা  চলছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]