[b]জয়পুরহাট:[/b] খাদ্যে ঊদ্বৃত্ত জেলা জয়পুরহাটে আলুর বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। এবার ৩৯ হাজার ৫শ’হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। আবহাওয়া ভাল থাকায় এতে আলু ৯ লাখ মেট্রিক টন আলু ঊৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, প্রধান ফসল হিসাবে ধানের পরেই এখানে আলুর চাষ হয়ে থাকে। গত বছরের তুলনায় এবার অতিরিক্ত ১ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। ঊপজেলা ভিত্তিক আলু চাষের মধ্যে রয়েছে সদর ঊপজেলায় ৬ হাজার ৮শ’ ৫০ হেক্টর, পাঁচবিবি ঊপজেলায় ৭ হাজার ৮৫ হে:, আক্কেলপুর ঊপজেলায় ৫ হাজার ৬৫ হে: ক্ষেতলাল ঊপজেলায় ৮ হাজার ৬শ’ ৫০ হে: ও কালাই ঊপজেলায় ১১ হাজার ৮শ’ ৫০ হেক্টর।
কৃষি বিভাগ আরো জানায়, জেলার আলু চাষ সফল করতে বিএডিসি ঊন্নত বীজ সরবরাহ করেছে। এছাড়াও স্থানীয় বাণিজ্যিক ব্যাংকসহ এনজিওগুলো কৃষকদের ঋণ সুবিধা প্রদান করেছে। অতিরিক্ত মুনাফা লাভের আশায় কিছু এলাকার কৃষকরা আগাম জাতের আলু চাষ করে থাকে। এটি প্রায় মোট আলু চাষের শতকরা ১৫ভাগ। এগুলোর মধ্যে রয়েছে রোমানা,গ্যালোনা ও লাল পাকরি।
এদিকে এবার অনেক আগে থেকে বাজারে ওঠা শুরু হওয়া এই আলুতে বর্তমানে বাজার সয়লাব হয়েছে। বিরোধী দলের হরতাল ও অবরোধের কারণে পরিবহন সমস্যায় জেলার বাইরে আলু পাঠানো সম্ভব হচ্ছে না। ফলে বাজারে আলুর দাম কমে খুচরা বাজারে ১২ থেকে ১৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাইকারী বাজারে দাম আরো কম।