নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে পুলিশের একটি শটগান ও বেতার যন্ত্র (ওয়্যারলেস সেট) লুটের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের চার সদস্যকে পিটিয়ে আহত করা হয়। আহতরা হলেন- উপ পরিদর্শক (এসআই) শরীফুল ও নাসির, কনস্টেবল শাহ আলম ও নাসির।
গুরুতর আহত কনস্টেবল শাহ আলম ও নাসিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর দুই এসআই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫/২০জন আহত হয়েছেন। আহতদের নাম তাৎক্ষাণকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সহ সভাপতি বিল্লাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিলো। শুক্রবার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ চলাকালে সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) শরীফুল ও নাসিরের নেতৃত্বে ছয় জন কনস্টেবল ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই শরীফুলের সঙ্গে থাকা ওয়্যারলেস সেট ও একজন কনস্টেবলের কাছ থেকে একটি শটগান লুটে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জীবন কান্তি সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইম নিউজ বিডি)/এএইচ/এফএ[/b]





