নোয়াখালীর কোম্পানীগঞ্জের উড়িরচরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  ২ জন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের উত্তর উড়িরচরে এ ঘটনা ঘটে। 
র‌্যাব দাবি করেছে, বন্দুক যুদ্ধে তারা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা জলদস্যু জাসু বাহিনীর সদস্য।  নিহত ব্যক্তিরা হলেন জাবেদ (২৮) ও সুমন (২৫)। এর মধ্যে জাসু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জাবেদ। আর তাঁর দেহরক্ষী ছিলেন সুমন।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম উড়িরচরে র‌্যাব এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন।র‌্যাবের দাবি, শাহাদাত জলদস্যু জাসু বাহিনীর প্রধান ‘জাসু ডাকাত’।
র‌্যাব-১১-এর মেজর মো. শাহেদ হোসেনের দাবি, জলদস্যু দমনে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চলছিল। অভিযানের একপর্যায়ে আজ ভোর সাড়ে চারটার দিকে উত্তর উড়িরচর এলাকায় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি বন্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
[b]নোয়াখালী, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]