কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচনে ৩৫ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। আজ (সোমবার) বেলা ৩টার দিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী ফজলুল হক জেলা বিএনপির সেক্রেটারির বাসায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
ফজলুল হকের অভিযোগ, প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পক্ষে সরকার দলীয় ক্যাডাররা এসব ভোট কেন্দ্র দখল করে।
তারা বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী ফজলুল হকের আনারস প্রতীকের পক্ষের পোলিং এজন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। পরে একচেটিয়া আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের দোয়াত কলম মার্কায় সিল মারতে থাকে।
সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থীর আরও অভিযোগ, তার পক্ষের পোলিং এজেন্টদের আওয়ামী লীগের ক্যাডারা কেন্দ্র থেকে বের করে দেয়ার সময় মারধর করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে।
তবে, ভোটকেন্দ্র দখল ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া ও মারধরের অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য করে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ।
[b]কুমিল্লা, এসআর, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]