সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর নূর হোসেন ও তার সহযোগীদের নামে নেয়া ১১ টি অস্ত্রের মধ্যে বুধবার আরো তিনটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  সোমবার নূর হোসেন বাহিনীর অস্ত্রের লাইসেন্স বাতিল ঘোষণার পর এ নিয়ে গত ৩ দিনে উদ্ধার করা হলো ৭টি অস্ত্র।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, ইতোমধ্যেই লাইসেন্স বাতিলকৃত শাহজাহানের ১ টি, আলী আহাম্মেদ ১টি ও সানাউল্লাহ সানার ১ টি অস্ত্র তাদের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের বাতেনপাড়া এলাকায় নূরউদ্দিনের বাড়ি থেকে একটি, নূর হোসেনের সহযোগী জামালউদ্দিনের বাড়ি থেকে ১টি ও আরিফুল হক হাসানের বাড়ি থেকে দু’টি অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া নূর হোসেন বাহিনীর সদস্যদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করেন।
বাতিল ঘোষণা করা ওইসব অস্ত্রের মধ্যে নূর হোসেনের নামে পয়েন্ট টুটু বোরের রাইফেল (নং ১২২/১২), এনপিবি পিস্তল (নং ২৮৫/১৩), শাহজালালের নামে নেয়া শর্টগান (নং-৬০৩২৫৫৯/৩০৩৬২৫২), এনপিবি পিস্তল (নম্বর ৩০০/১৩), মো. শাহজাহানের নামে নেয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫১৭/১৩), জামাল উদ্দিনের নামে নেয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫১৮/১৩), মো. নুরুউদ্দিন মিয়ার নামে শর্টগান (লাইসেন্স নম্বর ৫২৮/১৩), আলী মোহাম্মদের নামে শর্টগান (লাইসেন্স নম্বর ৫৩২/১৩), মো. সানাউল্লাহর নামে নেয়া শর্টগান (লাইসেন্স নম্বর ৫৩৩/১৩), মো. আরিফুল হক হাসানের নামে এনপিবি রিভলবার (লাইসেন্স নম্বর ১৬৬/১৩) ও শর্টগান (লাইসেন্স নম্বর ৫১১/১৩)।
[b]ঢাকা, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]