বাকৃবি: আগামী ৯ জানুয়ারি থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ক্লাস শুরু হতে যাচ্ছে।
প্রথম বর্ষের ক্লাস শুরুর আগে ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে।
এদিকে ক্লাশ শুরু করা নিয়ে অভিভাবকদের মধ্যে যেমন আনন্দ তেমনি দেশের চরম রাজনৈতিক সংকটের মধ্যে হরতাল-অবরোধের জন্য শিক্ষার্থীরা সময়মত বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে কি না এ নিয়ে হতাশাও বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, আগামী ৯ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ভর্তিকৃত স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ক্লাস শুরু হবে।
ক্লাস শুরু হওয়ার আগে আগামী ৮ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠিত হবে।
নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে বরণ করে নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক বিভাগে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
ওই দিনই বিকেল ৩ টায় শিক্ষার্থীদের নিজ নিজ অনুষদের গ্যালারীতে নবীন বরণ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ভর্তির সময় নবীন শিক্ষার্থীদের হল বরাদ্দ দেয়া হয়েছে। তাদের নিজ নিজ বরাদ্ধকৃত হলে আগামী ৭ জানুয়ারি থেকে সিট বরাদ্ধ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
এদিকে অভিভাবকেরা দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাদের সন্তানদেরকে ভর্তি করাতে পেরে এবং ক্লাশ শুরু হচ্ছে জেনে অত্যন্ত আনন্দিত।
অপরদিকে দেশের চরম রাজনৈতিক সংকটের মধ্যে হরতাল-অবরোধের জন্য শিক্ষার্থীরা সময়মত বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে কি না এ নিয়ে হতাশাও বিরাজ করছে।
এছাড়াও অভিভাবকদের মাঝে তাদের সন্তানদের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে বলে একাধিক অভিভাবকের সাথে মুঠোফোনে কথা বলে জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ শুরু হওয়া সম্পর্কে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, দেশের চরম রাজনৈতিক সংকট, হরতাল, অবরোধেরর মধ্যে যথাসময়ে ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কাযক্রর্ম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সকলের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।





