সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি’র (এমএল, জনযুদ্ধ) আঞ্চলিক কমান্ডার গফফার পাহাড় (৪০) নিহত হয়েছেন। একই সঙ্গে তার এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
সোমবার দিনগত আড়াইটায় তালা উপজেলার মাগুরা এলাকার টেংরার বিলে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ সময় পুলিশ ১টি পাইপগান, ৪ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা, ১টি ছোরা ও ১টি রাম দা উদ্ধার করেছে। নিহতের বিরুদ্ধে তালাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
নিহত গফফার তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের আবু পাহাড়ের ছেলে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহতের সহযোগী কাজী সাইফুল ইসলাম (৪২)। গুলিবিদ্ধ সাইফুল সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের মৃত কাজী আব্দুল অহাবের ছেলে। সে দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক স.ম. আলাউদ্দীন হত্যা মামলার অন্যতম আসামি।
এ ছাড়া আহত দুই পুলিশ সদস্যের নাম মহিদুল ইসলাম ও হাফিজ উদ্দীন।
এ বিষয়ে তালা থানার ওসি শেখ আবু বকর সিদ্দিক জানান, মাগুরা এলাকার টেংরার বিলে গফফার ও সাইফুল ইসলামসহ ১৪/১৫ জন চরমপন্থি নেতা বৈঠক করছে বলে থানায় খবর আসে।
এরপর রাত দুইটার দিকে পুলিশ ওই এলাকায় রওয়ানা হয়। রাত আড়াইটার দিকে পুলিশ টেংরার বিল এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা পুলিশকে লক্ষ করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
দুই পক্ষের মধ্যে ১৫ মিনিট ধরে গুলি বিনিময় হয়। এরপর চরমপন্থিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থি কমান্ডার গফফার পাহাড় ও সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাদের তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক গফ্ফারকে মৃত ঘোষণা করেন এবং গুলিবিদ্ধ সাইফুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]