৫ বছরের পূর্ণ মেয়াদে দেশ চালানোর জন্য বর্তমান সংসদ জনগণের যথার্থ সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সফররত জার্মান সংসদীয় প্রতিনিধি দলের চেয়ারম্যান ডেগমার উইরোল। ৫ জানুয়ারি একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সোমবার সকালে সফররত প্রতিনিধিদলটি সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ জার্মান দূতাবাসও তাদের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
দেশের প্রধান রাজনৈতিক দলসমূহকে দ্রুত সংলাপে বসার আহবান জানান ডেগমার উইরোল। তিনি বলেন,আমরা আশাকরি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ কার্যকর সংলাপে বসবে। এ বিষয়ে সব পক্ষ দ্রুত সম্মত হবে।
বৈঠকে প্রতিনিধি দল বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার নির্বাচিত হওয়াতে শিরিনি শারমিনকে অভিনন্দন জানান। এছাড়া রবিবার সাভারে রানা-প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত রিহেব্যালিটেশন অব দ্য প্যারালাইজড (সিপিআর) এ তাদের পরিদর্শন ও কারখানা পরিদর্শন বিষয়ে স্পিকারকে অবগত করেন।
উইরোল বলেন,আমরা রানা প্লাজার মর্মান্তিক ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছি। পোশাক কারখানার মালিকদের সাথেও কথা বলেছি। আশাকরি বাংলাদেশ সরকার শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নিবে। এ ক্ষেত্রে আইএলও মান বজায় রাখবে। যাতে করে ভবিষ্যতে এ ধরনের কারখানা ট্রাজেডি এড়ানো যায়।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]