ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি) প্রশাসক মোহাম্মদ আলমগীর ‘ভিটামিন এ প্লাস’  নিয়ে সৃষ্ট গুজবে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ভিটামিন এ প্লাসের’ সামান্য প্রতিক্রিয়া থাকতেই পারে। তবে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তির  কোনো অবকাশ নেই।
বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এই মন্তব্য করেন।
ডিএসসিসির  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা.  মোহাম্মদ আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী, ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইমরুল চৌধুরী ও  ডা. মোস্তাফিজুর রহমান  ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. মো. আবদুল জলিল প্রমুখ
সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে আলোচকগন বলেন,  পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া  পৃথিবীতে কোনো ওষুধ নেই ।  যেখানে ওষুধ আছে সেখানে পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই।
অনুষ্ঠানে সাংবাদিকদের  জানানো হয়, আগামী ৫ এপ্রিল রাজধানীসহ সারাদেশে একযোগে  ৬ মাস  থেকে ১২ মাস বয়সী শিশুকে নীল রঙের একটি এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কারণ দেশের শিশুদেরকে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বহুমাত্রিক প্রতিবন্ধীর কবল থেকে রক্ষার জন্য সরকার এই ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তারা।
এদিকে ৫ এপ্রিল শনিবার ঢাকা দক্ষিণে ১ হাজার ৪৮৭ টি সেন্টারে ৪ হাজার ৪৬১ জন স্বেচ্ছা সেবক এবং ২৮৬ জন সুপারভাইজার  মাঠে কাজ করবেন।
[b]ঢাকা, একে ,৩ এপ্রিল ( টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]